বাংলাদেশ পুলিশের চেইন অব কমান্ড গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে শীর্ষ পর্যায়ের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল ও নতুন পদে পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ কামরুল আহসানকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান এসবি প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে এবং সাবেক প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মো. মোস্তাফিজুর রহমান এবং খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজাউল করিম। মাঠপর্যায়ে জননিরাপত্তা জোরদার করতে অবিলম্বে এসব আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


