সাইবার স্ক্যাম কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশ দ্বিমুখী মানবপাচারের মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)। প্রকাশিত এক বিশদ গবেষণা প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, একদিকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের বিদেশে স্ক্যাম সেন্টারে পাচার করে অপরাধমূলক কাজে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে দেশের ভেতরেও অবৈধ স্ক্যাম চক্র নেটওয়ার্ক বিস্তৃত করার চেষ্টা করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএনওডিসির যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটির তথ্য প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, অনলাইন জুয়া এবং ভুয়া কল সেন্টারের মতো জটিল অপরাধে ভুক্তভোগীদের পাসপোর্ট জব্দ করে বন্দি অবস্থায় কাজ করানো হচ্ছে।
ইউএনওডিসি সুপারিশ করেছে, এ হুমকি মোকাবিলায় আর্থিক গোয়েন্দা নজরদারি জোরদার, সীমান্ত এলাকায় ভুক্তভোগী শনাক্তকরণ এবং আঞ্চলিক দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদান আরও বৃদ্ধি করতে হবে। একই সাথে উচ্চ বেতনের ভুয়া বিদেশি নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে তরুণ সমাজকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।





